গিটার শেখানোর সূত্রে পরিচয়, অভিযোগের ঘটনায় কারাগারে তরুণ গায়ক জাহিদ অন্তু
ইডেন কলেজের শিক্ষার্থী ও অভিনেত্রী জান্নাতুল তাজরিয়া অরার করা যৌন নিপীড়নের মামলায় তরুণ গায়ক আবু জাহিদ ওরফে জাহিদ অন্তুকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বুধবার (১ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসান শাহাদাত এ আদেশ দেন।
মামলার তদন্ত কর্মকর্তা কারাগারে পাঠানোর আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। পরে সংবাদ সম্মেলনে ভুক্তভোগী তার অভিযোগ তুলে ধরেন।
তিনি জানান, প্রোডাক্ট শুটের কাজের কথা বলে তাকে বাসায় ডাকা হয়। সেখানে কাজের আলোচনার একপর্যায়ে অভিযুক্ত ব্যক্তি তার সঙ্গে জোরপূর্বক শারীরিক আচরণ করেন। তিনি বাধা দেওয়ার চেষ্টা করলেও পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং তাকে মারধর করা হয় বলেও অভিযোগ করেন।
ভুক্তভোগীর ভাষ্য অনুযায়ী, অভিযুক্তের সঙ্গে তার পূর্বপরিচয় ছিল এবং একসময় তাদের মধ্যে ব্যক্তিগত সম্পর্কও গড়ে ওঠে। সেই পরিচয়ের শুরু হয়েছিল গিটার শেখার মাধ্যমে। তবে পরবর্তীতে সম্পর্কের অবনতি হলে তারা দূরে সরে যান।
তিনি আরও দাবি করেন, পরে বিভিন্ন অজুহাতে তাকে আবার যোগাযোগ করে বাসায় ডাকা হতো। সর্বশেষ প্রোডাক্ট শুটের কথা বলে ডাকার পরই এই ঘটনা ঘটে।
ঘটনার পর তিনি আইনি পদক্ষেপ নেন এবং বিষয়টি নিয়ে তদন্ত কার্যক্রম চলছে।

















