এপ্রিলের শুরুতেই দেশে আসছে হামসহ ৬ রোগের টিকা: স্বাস্থ্য মন্ত্রণালয়
দেশে হামসহ ছয় ধরনের রোগ প্রতিরোধে প্রয়োজনীয় টিকা এপ্রিলের প্রথম সপ্তাহেই পৌঁছাবে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এই টিকাগুলো ইউনিসেফের সহায়তায় দেশে আনা হচ্ছে।
সোমবার (৩০ মার্চ) সচিবালয়ে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেনের সঙ্গে বৈঠক শেষে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল এ তথ্য জানান। বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে সংক্রামক রোগ মোকাবিলা, নার্সিং সেবার মানোন্নয়ন, আইসিইউ সুবিধা বৃদ্ধি এবং অন্যান্য স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় যৌথভাবে কাজ করার সিদ্ধান্ত হয়। এ লক্ষ্যে পাঁচ সদস্যের একটি জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যার কাঠামো আগামী মে মাসের মধ্যে নির্ধারণ করা হবে।
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ২০১৮ সালের পর দেশে হাম প্রতিরোধে বড় কোনো ক্যাম্পেইন পরিচালিত হয়নি। ফলে এখন সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। হামসহ ছয় ধরনের রোগের টিকা সংগ্রহে ৬০৪ কোটি টাকার বরাদ্দ ইতোমধ্যে অনুমোদিত হয়েছে এবং দ্রুত তা দেশে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে ইউনিসেফকে প্রয়োজনীয় অর্থও দেওয়া হয়েছে।
তিনি জানান, দেশে শিশুদের মধ্যে হামসহ বিভিন্ন রোগের প্রকোপ বেড়ে যাওয়ায় সরকারি ব্যবস্থাপনায় অতিরিক্ত ২০টি ভেন্টিলেটর প্রস্তুত রাখা হয়েছে।






















