নবীন ফ্যাশন দোকান বন্ধের ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যে খুলে দেওয়ার নির্দেশ, ওসিকে তলব
রাজধানীর মগবাজারে ‘নবীন ফ্যাশন’ নামের একটি পাঞ্জাবির দোকান বন্ধ করে দেওয়ার ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে আদালত। এ ঘটনায় হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)কে তলব করা হয়েছে এবং তাকে ২৪ ঘণ্টার মধ্যে ঘটনাস্থলে গিয়ে দোকানটি পুনরায় চালু করার নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার (২৫ মার্চ) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান স্বপ্রণোদিত হয়ে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারা অনুযায়ী এই আদেশ দেন।
আদালতের পর্যবেক্ষণে বলা হয়, একটি অনলাইন সংবাদ প্রতিবেদনে দেখা গেছে— মগবাজারের বিশাল সেন্টার মার্কেটে অবস্থিত ‘নবীন’ ব্র্যান্ডের দোকানে কিছু ব্যক্তি পুলিশের উপস্থিতিতে গিয়ে সেটি বন্ধ করে দেয়। যদিও সেখানে কিছু ব্যক্তির উচ্ছৃঙ্খল আচরণ লক্ষ্য করা গেছে, তবুও উপস্থিত পুলিশ সদস্যদের নিষ্ক্রিয় অবস্থায় দেখা যায়।
এই প্রেক্ষিতে আদালত মন্তব্য করেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এমন নিষ্ক্রিয়তা সাধারণ মানুষের মধ্যে ভয় ও অনাস্থা সৃষ্টি করতে পারে। তাই কেন এই আচরণকে বেআইনি ও পেশাগত দায়িত্বের পরিপন্থী হিসেবে গণ্য করা হবে না, সে বিষয়ে ব্যাখ্যা দিতে ওসিকে আগামী তিন দিনের মধ্যে আদালতে হাজির হতে বলা হয়েছে।
একই সঙ্গে, সংশ্লিষ্ট দোকানটি ২৪ ঘণ্টার মধ্যে খুলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের বিস্তারিত পরিচয় আদালতে জমা দিতে বলা হয়েছে।
উল্লেখ্য, গত ২০ মার্চ ঈদের আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, কম দামে পাঞ্জাবি বিক্রি করায় আশপাশের ব্যবসায়ীরা ‘নবীন ফ্যাশন’-এর দোকানটি বন্ধ করে দেয়। এ সময় ঘটনাস্থলে পুলিশের উপস্থিতিও লক্ষ্য করা যায়, যা নিয়ে জনমনে প্রশ্ন তৈরি হয়েছে।


























