সংসদে রুমিনের বক্তব্যকে ঘিরে উত্তেজনা, আচরণে আপত্তি জামায়াত আমিরের
জাতীয় সংসদে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানার বক্তব্যকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতিতে সরকারি দলের কিছু সদস্যের আচরণ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
রোববার (১৯ এপ্রিল) অধিবেশন চলাকালে তিনি এ বিষয়ে প্রতিক্রিয়া জানান। রুমিন ফারহানা জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এবং সংশ্লিষ্ট সংকট মোকাবিলায় সরকারের ভূমিকার সমালোচনা করলে সংসদে কিছুটা উত্তেজনা তৈরি হয়।
এরপর ফ্লোর নিয়ে বক্তব্য দিতে গিয়ে ডা. শফিকুর রহমান বলেন, জাতীয় সংসদ দেশের সর্বোচ্চ মর্যাদার স্থান, যেখানে জনগণের ভোট ও আস্থায় নির্বাচিত প্রতিনিধিরা উপস্থিত থাকেন। সেখানে একজন সদস্য কথা বলার সময় ট্রেজারি বেঞ্চের কিছু অঙ্গভঙ্গি তার কাছে অশোভন ও দৃষ্টিকটু মনে হয়েছে।
তিনি আরও বলেন, একাধিকবার নির্বাচিত হয়েও কিছু সদস্য এমন আচরণ করেছেন, যা দুঃখজনক। তবে তিনি কারও নাম উল্লেখ না করে এ বিষয়ে অসন্তোষ জানান এবং এ ধরনের আচরণের নিন্দা করেন।

























