চাঁদাবাজদের তালিকা করে দেশজুড়ে অভিযান শিগগিরই: র্যাব
দেশব্যাপী চাঁদাবাজি দমনে নিরপেক্ষ একটি তালিকা প্রস্তুতের কাজ চলছে বলে জানিয়েছেন র্যাব। এই তালিকা অনুযায়ী খুব শিগগিরই বিশেষ অভিযান শুরু করা হবে।
শনিবার (১১ এপ্রিল) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক এম জেড এম ইন্তেখাব চৌধুরী এ তথ্য জানান। তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের নির্দেশনা অনুযায়ী এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।
সংবাদ সম্মেলনে সাম্প্রতিক কয়েকটি আলোচিত ঘটনার অগ্রগতিও তুলে ধরা হয়। জানানো হয়, গত ৪৮ ঘণ্টায় চট্টগ্রাম ও নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রধারী সন্ত্রাসী, মানবপাচারকারী এবং মাদক কারবারির সঙ্গে জড়িত একাধিক ব্যক্তিকে আটক করা হয়েছে।
চট্টগ্রামের বাকলিয়া এলাকায় এক ব্যবসায়ীর কব্জি বিচ্ছিন্ন করার ঘটনায় জড়িত একজনকে গ্রেফতার করা হয়েছে। একইসঙ্গে পতেঙ্গা উপকূলে একটি ট্রলারে অভিযান চালিয়ে ৫ লাখ পিস ইয়াবাসহ ৯ জনকে আটক করা হয়।
এছাড়া, অভিযানে ৫০ হাজার লিটারেরও বেশি ভোজ্যতেল জব্দ করার কথাও জানায় র্যাব।























