ব্রাহ্মণবাড়িয়ায় পুকুর খননের সময় উদ্ধার মুক্তিযুদ্ধকালীন মর্টার শেল
ব্রাহ্মণবাড়িয়ার সদরে পুকুর খনন করার সময় স্থানীয় মাটিকাটা শ্রমিকরা একটি মর্টার শেল উদ্ধার করেছেন। খবর পেয়ে সোমবার (৩০ মার্চ) দুপুরে সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।
পূর্বে রোববার (২৯ মার্চ) দুপুর ১টার দিকে নাটাই দক্ষিণ ইউনিয়নের বড় হরণ গ্রামে শ্রমিকরা মাটি কাটার সময় মর্টার শেলটি পেয়েছিলেন। পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মর্টারশেলটি নিরাপদভাবে দড়ির বেষ্টনী দিয়ে ঘিরে রাখে।
সেনাবাহিনী জানিয়েছে, কুমিল্লা থেকে আর্টিলারি সেল ডিসপোজাল ইউনিট মর্টারশেলটি নিষ্ক্রিয় করবে। পুলিশ ধারণা করছে, এটি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় ব্যবহৃত হয়েছিল।
স্থানীয় বাসিন্দা এমদাদুল বারী বলেন, প্রায় ৪০ বছর পরে পুকুর খনন করা হয়েছে। মুক্তিযুদ্ধের সময় তাদের বাড়িতে পাঞ্জাবিদের ক্যাম্প ছিল এবং এখানে মুক্তিযোদ্ধাদের সঙ্গে সম্মুখ যুদ্ধে অনেক পাঞ্জাবি নিহত হয়েছিলেন। তার ছেলে আশরাফুল বারী ইমন ৯৯৯-এ ফোন দিলে পুলিশ এসে ঘটনাস্থল ব্যবস্থা নেয়।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার এএসআই হাসমত আলী জানিয়েছেন, সেনাবাহিনী ইতোমধ্যেই মর্টারশেলটি পরিদর্শন করেছে এবং শিগগিরই একটি দল এসে এটি নিরাপদভাবে নিষ্ক্রিয় করবে।


























