স্কুল থেকে অচেতন ছাত্রী উদ্ধার: ধর্ষণের সন্দেহে দপ্তরি ও নৈশপ্রহরী আটক
কুষ্টিয়ার মিরপুর উপজেলায় একটি মাধ্যমিক বিদ্যালয়ের ভেতর থেকে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে (১১) গত বৃহস্পতিবার রাতে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করা হয়েছে। বর্তমানে সে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসকদের প্রাথমিক ধারণা অনুযায়ী, শিশুটি পাশবিক নির্যাতনের শিকার হয়েছে।
স্কুল ও পরিবার সূত্রে জানা গেছে, ওই দিন বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ছিল। বিকেল ৩টার দিকে অনুষ্ঠান শেষ হলেও শিশুটি বাড়ি ফেরেনি। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর স্বজনরা স্কুলে গিয়ে তল্লাশি করতে চাইলে দপ্তরি অসহযোগিতা করেন বলে অভিযোগ ওঠে। পরবর্তীতে প্রধান শিক্ষকের হস্তক্ষেপে রাত ৮টার দিকে স্কুলের তালা খোলা হয় এবং দোতলার কার্নিশে মেয়েটিকে অচেতন অবস্থায় পাওয়া যায়। অন্য একটি তলায় তার জুতো পড়ে থাকতে দেখা গেছে।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের চিকিৎসক সুষ্মিতা বিশ্বাস জানান, শিশুটির শরীরে আঘাতের চিহ্ন রয়েছে এবং প্রাথমিকভাবে তাকে ধর্ষণের শিকার বলে মনে করা হচ্ছে। সঠিক তথ্য নিশ্চিত করতে প্রয়োজনীয় নমুনা সংগ্রহ করা হয়েছে। বর্তমানে সে প্রচণ্ড মানসিক ধাক্কা (ট্রমা) ও শারীরিক দুর্বলতার কারণে কথা বলতে পারছে না।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম জানিয়েছেন, বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। জিজ্ঞাসাবাদের জন্য স্কুলের দপ্তরি ও নৈশপ্রহরীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। চিকিৎসকের চূড়ান্ত প্রতিবেদন পাওয়া মাত্রই নিয়মিত মামলা করা হবে এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।


























