স্বর্ণের দামে আবার বড় পতন, ৬ ঘণ্টার ব্যবধানে ভরিতে কমলো ৭৬৯৮ টাকা
দেশের স্বর্ণবাজারে স্বল্প সময়ের ব্যবধানে আবারও দামের বড় ধরনের সমন্বয় করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি স্বর্ণের দাম ৭ হাজার ৬৯৮ টাকা কমানো হয়েছে।
বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেলে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়। নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের মূল্য নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪৬ হাজার ৯২৭ টাকা। বিকেল ৩টা ৪৫ মিনিট থেকে এই মূল্য কার্যকর হয়েছে।
বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা খাঁটি স্বর্ণের দামে হ্রাস পাওয়ায় এই নতুন দর নির্ধারণ করা হয়েছে। সামগ্রিক বাজার পরিস্থিতি পর্যালোচনা করেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি।
এর আগে একই দিনে স্বর্ণের দাম একবার কমানো হয়েছিল। তার মাত্র ছয় ঘণ্টা পর আবারও মূল্য হ্রাসের ঘোষণা আসায় বাজারে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।
স্বর্ণ ব্যবসায়ীরা বলছেন, আন্তর্জাতিক ও স্থানীয় বাজারের দামের ওঠানামার প্রভাবেই এমন দ্রুত পরিবর্তন দেখা যাচ্ছে। ফলে ক্রেতা ও ব্যবসায়ী উভয়ের মধ্যেই এক ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, স্বর্ণের দামে এমন ঘনঘন পরিবর্তন বাজারে প্রভাব ফেলতে পারে এবং ভবিষ্যতে আরও সমন্বয়ের সম্ভাবনাও রয়েছে।

























