তারেক রহমানের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুললেন হাসনাত আব্দুল্লাহ
কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ সামাজিক মাধ্যমে এক স্ট্যাটাসে তারেক রহমানের রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণের বিষয় নিয়ে প্রশ্ন তুলেছেন। শনিবার বিকেলের দিকে নিজের ফেসবুক আইডিতে দেওয়া ওই পোস্টে তিনি তারেক রহমানের আগের একটি বক্তব্য উল্লেখ করেন।
হাসনাত তার স্ট্যাটাসে ২৯ নভেম্বরের একটি মন্তব্য তুলে ধরে বলেন, তখন তারেক রহমান জানিয়েছিলেন যে ব্যক্তিগত কিছু সিদ্ধান্ত তার একক নিয়ন্ত্রণে নেই। তবে তিনি স্পষ্ট করে বলেননি, তার দেশে ফেরার মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে কারা প্রভাব ফেলেছেন।
এর প্রেক্ষিতে হাসনাত প্রশ্ন তোলেন, ২৫ ডিসেম্বর দেশে ফেরার সিদ্ধান্ত বা গুম ও মানবাধিকার সংশ্লিষ্ট অধ্যাদেশ বাতিলের পেছনেও কি অন্য কারও প্রভাব ছিল, নাকি এটি সম্পূর্ণভাবে তার নিজস্ব সিদ্ধান্ত।
তিনি আরও জানতে চান, দেশ পরিচালনার ক্ষেত্রেও তারেক রহমান স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারছেন কিনা, নাকি অজ্ঞাত কোনো প্রভাবশালী মহলের ভূমিকা রয়েছে। পাশাপাশি, এসব সিদ্ধান্তে কারা প্রভাব ফেলছেন—তা স্পষ্ট করার আহ্বানও জানান তিনি।





















