দ্বিতীয়বার বিয়ের বন্ধনে র্যাপার বাদশা, কে তার সঙ্গী?
সাম্প্রতিক সময়ের আলোচিত ‘টাটিরি’ গানকে ঘিরে বিতর্কের মাঝেই আবারও বিয়ের খবর দিয়ে আলোচনায় এসেছেন ভারতীয় র্যাপার বাদশা। সামাজিক যোগাযোগমাধ্যমে তার বিয়ের ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ার পর ভক্তদের মধ্যে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে।
মঙ্গলবার (২৪ মার্চ) বাদশার মা পুনম রিকি নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে বিয়ের কিছু মুহূর্তের ছবি ও ভিডিও শেয়ার করেন। তিনি নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়ে তাদের নতুন জীবনের জন্য আশীর্বাদও কামনা করেন। এরপরই সেই পোস্টগুলো দ্রুত ভাইরাল হয়ে পড়ে বিভিন্ন প্ল্যাটফর্মে।
ছবিগুলোতে দেখা যায়, দুই পরিবারের ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করছেন বাদশা ও তার নববধূ। জানা গেছে, বাদশার নতুন জীবনসঙ্গী পাঞ্জাবের পরিচিত অভিনেত্রী ইশা রিকি।
ইশা রিকি ২০১২ সালে ‘জট অ্যান্ড জুলিয়েট’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্র জগতে আত্মপ্রকাশ করেন। পরবর্তীতে ‘হ্যাপি গো লাকি’ ও ‘আরদাস’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে তিনি দর্শকদের কাছে পরিচিতি লাভ করেন।
ব্যক্তিগত জীবনে বাদশা ও ইশার পরিচয় হয় ২০২১ সালে এক বন্ধুর পার্টিতে। সেখান থেকেই তাদের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে, যা ধীরে ধীরে ভালোবাসায় রূপ নেয়। প্রায় চার বছর সম্পর্কের পর তারা বিয়ের সিদ্ধান্ত নেন।
এর আগে বাদশার প্রথম স্ত্রী ছিলেন জেসেমি গ্রেস ম্যাসি সিং। ২০২০ সালে তাদের বিবাহবিচ্ছেদ হয়। সেই সংসারে তাদের একটি কন্যা সন্তান রয়েছে।


























