নতুন পে-স্কেল নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে অর্থমন্ত্রী
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো চূড়ান্ত করতে আজ রোববার (৫ এপ্রিল) প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিতব্য এই বৈঠকে অর্থ সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদারসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকার কথা রয়েছে।
অর্থ মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে, নতুন পে-স্কেল বাস্তবায়নের সম্ভাব্যতা, ব্যয় এবং নীতিগত দিকগুলো পর্যালোচনার জন্যই এই উচ্চপর্যায়ের আলোচনা অনুষ্ঠিত হচ্ছে।
এর আগে, গত ২২ জানুয়ারি সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানের নেতৃত্বে গঠিত ২৩ সদস্যের জাতীয় বেতন কমিশন একটি প্রতিবেদন জমা দেয়। সেখানে সরকারি কর্মচারীদের বেতন ও ভাতা ১০০ থেকে ১৪০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ করা হয়। প্রস্তাব অনুযায়ী, সর্বনিম্ন বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ বেতন ৭৮ হাজার টাকা থেকে ১ লাখ ৬০ হাজার টাকা নির্ধারণের কথা বলা হয়েছে।
কমিশনের হিসাব অনুযায়ী, এই বেতন কাঠামো কার্যকর করতে সরকারের অতিরিক্ত প্রায় ১ লাখ ৬ হাজার কোটি টাকার প্রয়োজন হতে পারে। বর্তমানে সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য বার্ষিক ব্যয় প্রায় ১ লাখ ৩১ হাজার কোটি টাকা।
এই বিপুল অর্থের জোগান এবং বাস্তবায়ন কৌশল নির্ধারণে আজকের বৈঠকটি গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।























