হামলায় আহত মোজতবা খামেনির মুখমণ্ডল বিকৃত, পা ক্ষতিগ্রস্ত
ইসরায়েল ও মার্কিন বাহিনীর যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি গুরুতরভাবে আহত হয়েছেন বলে জানা গেছে। তার মুখমণ্ডল বিকৃত হওয়ার পাশাপাশি একটি বা উভয় পা গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ঘনিষ্ঠ সূত্রগুলো জানিয়েছে।
আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, নাম প্রকাশে অনিচ্ছুক ঘনিষ্ঠদের বরাতে এসব তথ্য পাওয়া গেছে। তারা বলছেন, ৫৬ বছর বয়সী মোজতবা এখনো চিকিৎসাধীন এবং ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন, তবে মানসিকভাবে তিনি স্থিতিশীল রয়েছেন।
সূত্র অনুযায়ী, তিনি শারীরিকভাবে অসুস্থ থাকলেও অডিও কনফারেন্সের মাধ্যমে সিনিয়র কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় অংশ নিচ্ছেন। এর মধ্যে চলমান সংঘাত ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য আলোচনাও রয়েছে।
এদিকে ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে শান্তি আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এমন পরিস্থিতিতে মোজতবার শারীরিক সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠেছে।
রয়টার্স জানায়, গত কয়েক সপ্তাহে তার স্বাস্থ্য পরিস্থিতি সম্পর্কে সবচেয়ে বিস্তারিত তথ্য সামনে এসেছে, যদিও তা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
প্রতিবেদনে আরও বলা হয়, ২৮ ফেব্রুয়ারির হামলার সময় তিনি আহত হন এবং এরপর থেকে জনসমক্ষে আর দেখা যায়নি।
এছাড়া ১৩ মার্চ যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী দাবি করেন, তিনি গুরুতরভাবে আহত হয়েছেন এবং সম্ভবত পঙ্গুত্ব বরণ করেছেন। মার্কিন গোয়েন্দা সূত্রও ধারণা করছে তিনি একটি পা হারাতে পারেন, যদিও আনুষ্ঠানিকভাবে কোনো পক্ষই তার অবস্থার বিস্তারিত নিশ্চিত করেনি।

























