ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ভোটার উপস্থিতি ৫৯.৪৪%: শীর্ষে বিএনপি, ১০ দলের ভোট শূন্য
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ভোটার উপস্থিতির হার দাঁড়িয়েছে ৫৯ দশমিক ৪৪ শতাংশ। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, প্রতীকভিত্তিক ভোটের হিসাবে সর্বোচ্চ ভোট পেয়েছে ধানের শীষ প্রতীক, যেখানে বিএনপি পেয়েছে ৪৯ দশমিক ৯৭ শতাংশ ভোট। দ্বিতীয় অবস্থানে রয়েছে দাড়িপাল্লা প্রতীক নিয়ে জামায়াতে ইসলামী, তাদের প্রাপ্ত ভোট ৩১ দশমিক ৭৬ শতাংশ। এরপর শাপলা কলি প্রতীক নিয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পেয়েছে ৩ দশমিক ০৫ শতাংশ ভোট।
রোববার (১৫ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের জনসংযোগ শাখা থেকে পাঠানো ভোটের পরিসংখ্যান বিশ্লেষণে জানা যায়, অংশগ্রহণকারী ৫০টি রাজনৈতিক দলের মধ্যে ১০টি দল ভোটের হিসেবে শূন্য দশমিক শূন্য শতাংশও পায়নি।
যেসব দল কোনো ভোট পায়নি সেগুলো হলো— বাংলাদেশ সমঅধিকার পার্টি (বিইপি), ইসলামী ঐক্য জোট, গণতন্ত্রী পার্টি, গণফ্রন্ট, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা), জাতীয় গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম), বাংলাদেশ কল্যাণ পার্টি, বাংলাদেশ জাতীয় পার্টি, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) এবং বাংলাদেশ মুসলিম লীগ (বিএনএল)।
অন্যদিকে, ০.০১ শতাংশ ভোট পাওয়া দলগুলোর মধ্যে রয়েছে— আমজনতার দল, গণফোরাম, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি), নাগরিক ঐক্য, বাংলাদেশ কংগ্রেস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (বাংলাদেশ ন্যাপ), বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি (বিএমজেপি), বাংলাদেশ মুসলিম লীগ, বাংলাদেশ লেবার পার্টি এবং বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট।
এই নির্বাচনে মোট ৫০টি রাজনৈতিক দল অংশ নেয়। পাশাপাশি স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন ২৭৪ জন।






















