দুটি আসনে জয়ের পর ঢাকা-১৭ রাখছেন তারেক রহমান, ছাড়ছেন বগুড়া-৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ ও বগুড়া-৬—এই দুই আসন থেকেই নির্বাচন করে উভয় জায়গায় বিজয় অর্জন করেছেন তারেক রহমান। তবে আইন অনুযায়ী একাধিক আসনে নির্বাচিত হলেও একজন প্রার্থী কেবল একটি আসনই ধরে রাখতে পারেন। সেই কারণে তিনি বগুড়া-৬ আসন ছেড়ে দিয়ে ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন বাংলাদেশ সূত্রে এ তথ্য জানা গেছে। গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) এর ধারা ১৯(১)(খ) অনুযায়ী, একই সাধারণ নির্বাচনে একজন ব্যক্তি একাধিক আসন থেকে প্রার্থী হতে এবং নির্বাচিত হতে পারেন। তবে ধারা ১৯(২) বলছে, একাধিক আসনে জয়ী হলে গেজেট প্রকাশের পর ৩০ দিনের মধ্যে লিখিতভাবে জানাতে হবে কোন আসনটি তিনি রাখতে চান।
নির্ধারিত সময়ের মধ্যে সিদ্ধান্ত না জানালে নির্বাচন কমিশন আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে এবং বাকি আসন বা আসনগুলো শূন্য ঘোষণা করা হবে।






















