ব্যক্তিগত কারণ দেখিয়ে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর পদত্যাগ
ঢাকা মেট্রোপলিটন পুলিশ–এর কমিশনার শেখ মো. সাজ্জাত আলী দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন। নতুন কমিশনার নিয়োগ না হওয়া পর্যন্ত সংস্থাটির কার্যক্রম তদারক করবেন অতিরিক্ত পুলিশ কমিশনার (সুপারনিউমারারি অতিরিক্ত আইজি) মো. সরওয়ার।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। পুলিশ সদর দফতরের অ্যাডিশনাল ডিআইজি (পার্সোনেল ম্যানেজমেন্ট-১) শামিমা ইয়াছমিন স্বাক্ষরিত ওই আদেশে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
প্রজ্ঞাপন ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শেখ মো. সাজ্জাত আলী ব্যক্তিগত ও পারিবারিক কারণ উল্লেখ করে পদত্যাগপত্র জমা দেন। তার আবেদনের পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।
উল্লেখ্য, তার চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ চলতি বছরের নভেম্বর পর্যন্ত বলবৎ থাকার কথা ছিল। ২০২৪ সালের ২০ নভেম্বর তিনি ডিএমপির ৩৮তম কমিশনার হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন।





















