ব্রেকিং নিউজ :
গণভোট বাতিলের দাবি তুললে জাতীয় নির্বাচনও প্রশ্নের মুখে পড়বে: শিশির মনির
- গণভোট বাতিলের প্রসঙ্গ তুলে জাতীয় নির্বাচনকে কেন আলোচনার বাইরে রাখা হচ্ছে—এমন প্রশ্ন তুলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর নির্বাহী পরিষদের সদস্য ব্যারিস্টার শিশির মনির। তাঁর বক্তব্য, যদি একটি সিদ্ধান্ত পুরোপুরি বাতিলের কথা ওঠে, তাহলে শুধু গণভোট নয়, জাতীয় নির্বাচনসহ একই সময়ের অন্যান্য পদক্ষেপও পর্যালোচনার আওতায় আসা উচিত।
সোমবার (২ মার্চ) রাতে মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, গণভোট বাতিলের উদ্যোগ নেওয়া হলে ৫ আগস্টের পর গৃহীত জাতীয় নির্বাচনসহ সব সিদ্ধান্তই বাদ দেওয়ার দাবি উঠবে। মাঝখানে জারি হওয়া ১৩৫টি অধ্যাদেশের বিষয়টিও তখন বিবেচনায় আনতে হবে বলে মন্তব্য করেন তিনি।
শিশির মনির আরও বলেন, এ ধরনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জায়গা আদালত নয়, বরং সংসদ। আদালতের ওপর চাপ সৃষ্টি করে কোনো সিদ্ধান্ত আদায় করা হলে তা রাজনৈতিকভাবে উল্টো ফল বয়ে আনতে পারে বলে সতর্ক করেন তিনি।
চলমান রিট প্রসঙ্গে তিনি জানান, এখনো রায়ের প্রশ্নই ওঠেনি। আগামীকাল আদালত রুল জারি করবে কি না এবং অন্তর্বর্তীকালীন কোনো নিষেধাজ্ঞা দেবে কি না—সেটিই মূল বিবেচ্য বিষয়।
সংসদের অধিবেশন শুরু হতে আর মাত্র দশ দিন বাকি আছে উল্লেখ করে তিনি অভিযোগ করেন, এই সময়ে গণভোটকে চ্যালেঞ্জ করা হয়েছে সরকারের প্ররোচনায়।
এদিকে দলটির মুখপাত্র এহসানুল মাহবুব জুবায়ের বলেন, জুলাই সনদকে আদালতের মাধ্যমে বাস্তবায়নের চেষ্টা গ্রহণযোগ্য নয়। তাঁর মতে, এ ধরনের পদক্ষেপ জনগণের সঙ্গে প্রতারণার শামিল হবে।
ট্যাগস :
bangla khobor bangladesh Bangladesh Election Commission BNP News Breaking News Bangladesh desh24 Desh24Live Election Election 2026 Jamate amir



















