প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের নতুন দায়িত্ব বণ্টন, দুই মন্ত্রণালয়ে যুক্ত নজরুল–রিজভী
প্রধানমন্ত্রী তারেক রহমান তার দুই রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান ও রুহুল কবির রিজভীর দায়িত্বে পরিবর্তন এনেছেন। আগের দায়িত্ব বহাল রাখার পাশাপাশি তাদের প্রত্যেককে একটি করে মন্ত্রণালয়ের উপদেষ্টার অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।
এ সংক্রান্ত প্রজ্ঞাপন বুধবার (৪ মার্চ) জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। মন্ত্রী পদমর্যাদাসম্পন্ন এই দুই উপদেষ্টার দায়িত্ব পুনর্বিন্যাসের সিদ্ধান্ত সেখানে উল্লেখ করা হয়।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, নজরুল ইসলাম খান প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন অব্যাহত রাখার পাশাপাশি কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বও পালন করবেন। অন্যদিকে, রুহুল কবির রিজভীকে শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টার অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।
এছাড়া রুলস অব বিজনেস অনুযায়ী ক্ষমতা প্রয়োগ করে আটজন প্রতিমন্ত্রীর দপ্তরও পুনর্বণ্টন করেছেন প্রধানমন্ত্রী। এ বিষয়েও একই দিন পৃথক প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
























