তেলের লাইনে বিরোধ, ঈশ্বরদীতে যুবক আহত
পাবনার ঈশ্বরদী উপজেলায় একটি ফিলিং স্টেশনে তেল নেওয়া নিয়ে সৃষ্ট বিরোধের জেরে উজ্জ্বল হোসেন (৩৭) নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেলে উপজেলার আরামবাড়ীয়া এলাকার একটি ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।
আহত উজ্জ্বল হোসেন সাঁড়া ইউনিয়নের ইলশামারী গ্রামের বাসিন্দা। জানা গেছে, তিনি মোটরসাইকেলে পেট্রোল নিতে গিয়ে সেখানে বিশৃঙ্খল পরিস্থিতি দেখতে পান। পরে সবাইকে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে পর্যায়ক্রমে তেল নেওয়ার আহ্বান জানালে কয়েকজনের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। এর একপর্যায়ে পেছন দিক থেকে অজ্ঞাত কেউ ধারালো বস্তু দিয়ে তাকে আঘাত করে দ্রুত পালিয়ে যায়।
ঘটনার সময় উপস্থিত অন্য মোটরসাইকেল চালকরা জানান, দীর্ঘ লাইনে অপেক্ষমাণ অবস্থায় হঠাৎ করে মারামারি শুরু হয়। পরে আহত অবস্থায় উজ্জ্বলকে পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
হাসপাতালের চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
এ বিষয়ে ঈশ্বরদী থানার পুলিশ জানায়, ঘটনার বিষয়ে তারা অবগত হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ছুরিকাঘাত নয়, বরং ধারালো কাচ বা অনুরূপ কিছু দিয়ে আঘাত করা হয়ে থাকতে পারে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

















