দোকানপাট খোলা রাখার সময় বাড়ল, নতুন সময় ঘোষণা
দেশের দোকানপাট ও শপিং মল খোলা রাখার সময় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগের নির্দেশনা অনুযায়ী সন্ধ্যা ছয়টার মধ্যে বন্ধ করার কথা থাকলেও এখন তা বাড়িয়ে সন্ধ্যা সাতটা পর্যন্ত করা হয়েছে।
রোববার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে জ্বালানি ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এ তথ্য জানান।
মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির কারণে জ্বালানির চাপ বিবেচনায় রেখে আগে দোকানপাট সন্ধ্যা ছয়টার মধ্যে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে ব্যবসায়ীদের অনুরোধের পর তা পুনর্বিবেচনা করা হয়।
বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতির নেতারা এ বিষয়ে প্রধানমন্ত্রীর কাছে সময় বাড়ানোর দাবি জানান। তারা প্রস্তাব দেন, দোকান দেরিতে খুলে হলেও রাত পর্যন্ত খোলা রাখার সুযোগ দেওয়া হোক। এ নিয়ে গত শনিবার বিদ্যুৎ ভবনে সংশ্লিষ্ট মন্ত্রীর সঙ্গে বৈঠকও করেন তারা।
প্রতিমন্ত্রী জানান, ব্যবসায়ীদের আবেদনের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী সিদ্ধান্তটি পুনর্বিবেচনা করে সন্ধ্যা সাতটা পর্যন্ত দোকান খোলা রাখার অনুমতি দিয়েছেন।
তিনি আরও বলেন, দেশের সামগ্রিক অর্থনৈতিক অবস্থা ও ব্যবসায়ীদের জীবিকার বিষয়টি বিবেচনায় নিয়েই এই নতুন সময় নির্ধারণ করা হয়েছে।






















