রুমিন ফারহানার ভাইরাল বক্তব্য নিয়ে বিভ্রান্তি, আসল তথ্য যা জানা গেল
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও তারেক রহমানকে ঘিরে রুমিন ফারহানার একটি বক্তব্য সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। তবে প্রচারিত ভিডিওটি বিভ্রান্তিকরভাবে উপস্থাপন করা হয়েছে বলে জানিয়েছে ফ্যাক্ট-চেকিং প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার।
অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওর সঙ্গে একটি ক্যাপশনে দাবি করা হয়, তিনি নাকি সাম্প্রতিক নির্বাচন নিয়ে মন্তব্য করেছেন। কিন্তু অনুসন্ধানে দেখা গেছে, ভিডিওটি বর্তমান প্রেক্ষাপটের নয়, বরং অতীতে দেওয়া তার একটি বক্তব্যের অংশবিশেষ ভিন্নভাবে প্রচার করা হচ্ছে।
রিউমর স্ক্যানারের তথ্যমতে, এটি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বা তারেক রহমানকে উদ্দেশ্য করে দেওয়া কোনো বক্তব্য নয়। বরং পূর্ববর্তী আওয়ামী লীগ সরকারের সময়কার নির্বাচনী ব্যবস্থার সমালোচনা করতে গিয়ে তিনি পুরোনো একটি বক্তব্য স্মরণ করছিলেন।
প্রায় সাড়ে চার ঘণ্টার একটি পূর্ণাঙ্গ ভিডিও পর্যালোচনায় দেখা যায়, নির্দিষ্ট একটি অংশে তিনি অতীতের নির্বাচনের অনিয়ম নিয়ে কথা বলেন। সেখানে তিনি উল্লেখ করেন, দীর্ঘ সময় দেশে সুষ্ঠু নির্বাচন হয়নি এবং জনগণ নিজেদের পছন্দের প্রতিনিধি বেছে নেওয়ার সুযোগ পায়নি।
তিনি আরও বলেন, জাতীয় থেকে স্থানীয় পর্যায়—সব নির্বাচনে কারচুপির অভিযোগ ছিল। সেই প্রেক্ষাপটেই তিনি একসময় সংসদে একটি ব্যঙ্গাত্মক মন্তব্য করেছিলেন, যা এখন আংশিকভাবে ছড়িয়ে দিয়ে নতুনভাবে ব্যাখ্যা করা হচ্ছে।
























