দলীয় সরকারের অধীনে নির্বাচন নিয়ে প্রশ্ন, পুনঃনির্বাচনের দাবি পরওয়ারের
দলীয় সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়—এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। তার দাবি, সাম্প্রতিক উপনির্বাচনের ঘটনাপ্রবাহ এই বিষয়টিকে আবারও স্পষ্ট করেছে।
শুক্রবার (১০ এপ্রিল) জুমার নামাজের পর রাজধানীর বায়তুল মোকাররমের উত্তর গেটে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ জামায়াতের যৌথ উদ্যোগে আয়োজিত বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন। একই সঙ্গে বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে পুনরায় নির্বাচনের দাবি জানান তিনি।
পরওয়ার অভিযোগ করেন, উপনির্বাচনে অনিয়ম, জাল ভোট এবং বিরোধী দলের এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়ার মতো ঘটনা ঘটেছে। এসব কারণে তারা ওই নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান।
তিনি আরও বলেন, বর্তমান সরকারের অধীনে অনুষ্ঠিত নির্বাচন আগের তুলনায় আরও বেশি প্রশ্নবিদ্ধ হয়েছে। তার মতে, এই পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন আয়োজন সম্ভব নয়।
সরকারের সমালোচনা করে তিনি বলেন, গণভোটের রায় বাস্তবায়নে দ্বৈত আচরণ করা হচ্ছে এবং এ অবস্থা চলতে থাকলে দেশ স্বাভাবিক গণতান্ত্রিক ধারায় ফিরতে পারবে না।
সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমির মুহাম্মদ সেলিম উদ্দিন। এছাড়া বক্তব্য দেন দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন, উত্তরের সেক্রেটারি ডা. রেজাউল করিম ও দক্ষিণের সহকারী সেক্রেটারি ডা. আবদুল মান্নানসহ অন্যান্য নেতারা।

























