পহেলা বৈশাখে টাঙ্গাইলে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
বাংলা নববর্ষ ১৪৩৩-এর প্রথম দিন উপলক্ষে টাঙ্গাইলে গিয়ে কৃষকদের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার সকালে গুলশানের বাসভবন থেকে রওনা দিয়ে তিনি টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন।
সদর উপজেলায় অনুষ্ঠিত এ কর্মসূচির মাধ্যমে সরাসরি কৃষকদের হাতে কার্ড তুলে দেওয়া হয়। এটি সরকারের গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রতিশ্রুতিগুলোর একটি হিসেবে বিবেচিত হচ্ছে। এর আগে একই প্রতিশ্রুতির অংশ হিসেবে ফ্যামিলি কার্ড, ক্রীড়া কার্ড এবং খাল খনন কর্মসূচিও চালু করা হয়েছে।
কৃষিমন্ত্রী আমিন উর রশিদ জানান, প্রাথমিকভাবে দেশের ১১টি কৃষি ব্লকে পরীক্ষামূলকভাবে এই প্রকল্প চালু করা হচ্ছে। এতে মোট ২০ হাজার ৬৭১ জন ভূমিহীন, ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে অন্তর্ভুক্ত করা হবে।
এই কার্ডের মাধ্যমে তালিকাভুক্ত কৃষকরা বছরে ২ হাজার ৫০০ টাকা করে আর্থিক সহায়তা পাবেন, যা তাদের কৃষিকাজে সহায়ক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।


























