চিকিৎসার পর পুনর্বাসনের জন্য মালয়েশিয়ায় নেওয়া হলো মির্জা আব্বাসকে
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসকে উন্নত ফিজিওথেরাপি ও পুনর্বাসনের জন্য সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ায় স্থানান্তর করা হয়েছে।
সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসা নেওয়ার পর তার শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় মঙ্গলবার (১৪ এপ্রিল) তাকে মালয়েশিয়ার একটি বিশেষায়িত পুনর্বাসন কেন্দ্রে নেওয়া হয়। বুধবার বিকেলে তার একান্ত সচিব মিজানুর রহমান সোহেল বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।
চিকিৎসকদের বরাতে জানানো হয়, আগের তুলনায় তার শারীরিক অবস্থা অনেক ভালো হলেও পুরোপুরি সুস্থ হতে এখন নিয়মিত ফিজিওথেরাপির প্রয়োজন। এই চিকিৎসা প্রক্রিয়া মালয়েশিয়াতেই সম্পন্ন হবে। তার দ্রুত সুস্থতার জন্য পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।
এর আগে গত ১১ মার্চ ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে অচেতন হয়ে পড়েন ঢাকা-৮ আসনের এই সংসদ সদস্য। প্রথমে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলেও অবস্থার অবনতি হওয়ায় ১৫ মার্চ এয়ার অ্যাম্বুলেন্সে করে জরুরি ভিত্তিতে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে প্রায় এক মাস চিকিৎসা শেষে বর্তমানে তিনি শঙ্কামুক্ত।
রাজনৈতিক জীবনে সক্রিয় ভূমিকার জন্য পরিচিত মির্জা আব্বাস সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে বিজয়ী হন। বর্তমানে সংসদ সদস্যের পাশাপাশি প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করছেন।
























