চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বকেয়া টাকা নিয়ে বিরোধ, ছাত্রদল নেতার বিরুদ্ধে হামলার অভিযোগ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কলা ও মানববিদ্যা অনুষদের ঝুপড়ি এলাকায় বকেয়া টাকা নিয়ে কথা–কাটাকাটির জেরে এক দোকানিকে মারধর ও দোকান ভাঙচুরের অভিযোগ উঠেছে শাখা ছাত্রদলের এক নেতার বিরুদ্ধে। বুধবার (১৫ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত জালাল সিদ্দিকী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক। ভুক্তভোগী হামিদ মোহাম্মদ, যিনি নাট্যকলা বিভাগের ২০১৫–১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন, বর্তমানে ওই দোকানের আয়েই জীবিকা নির্বাহ করছেন।
প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, মাত্র ৩০ টাকা বকেয়া নিয়ে দুজনের মধ্যে তর্ক শুরু হয়, যা একপর্যায়ে হাতাহাতিতে রূপ নেয়। এতে দোকানের কিছু পণ্যও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে অভিযোগ রয়েছে।
দোকানি হামিদ জানান, তর্কের এক পর্যায়ে জালাল তার ওপর শারীরিকভাবে আঘাত করেন। ঘটনার পর তিনি দুঃখ প্রকাশ করলেও এখনো কোনো ক্ষতিপূরণ দেননি। বিষয়টি তিনি বিশ্ববিদ্যালয়ের এক জ্যেষ্ঠ শিক্ষককে জানিয়েছেন এবং তাঁর সিদ্ধান্ত মেনে নেবেন বলেও জানান।
অভিযোগ অস্বীকার করে জালাল সিদ্দিকী বলেন, তাকে নিয়ে বকেয়া টাকার কথা ছড়িয়ে দেওয়ায় তিনি উত্তেজিত হয়ে পড়েন। তবে তিনি দাবি করেন, মারধর বা ভাঙচুরের কোনো ঘটনা ঘটেনি এবং ঘটনার পর তিনি ক্ষমা চেয়েছেন।
এ বিষয়ে ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয় বলেন, আগে দোকানি অভিযোগ করেছিলেন যে কিছু নেতা–কর্মী টাকা না দিয়ে খাবার গ্রহণ করেন। ওই সময় জালালের কাছে ৩০ টাকা পাওনার বিষয়টি উঠে আসে। পরে তারা বিষয়টি দেখার আশ্বাস দিয়ে চলে যান এবং কিছুক্ষণ পর ভাঙচুরের খবর পান।
শাখা ছাত্রদলের সভাপতি মো. আলাউদ্দিন মহসিন জানান, ঘটনার সত্যতা যাচাই করে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে না ঘটে, সে বিষয়েও সতর্ক থাকার কথা বলেন তিনি।


























