বাংলাদেশের জার্সি উপহার পেলেন নেইমার
ব্রাজিলে ফুটবলপ্রেমীদের জন্য তৈরি হলো এক ব্যতিক্রমী মুহূর্ত, যখন ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়রের হাতে তুলে দেওয়া হয় বাংলাদেশ জাতীয় ফুটবল দলের জার্সি। এই উদ্যোগের পেছনে ছিলেন বাংলাদেশি ফটো সাংবাদিক শাহনুর রুমেন, যিনি বর্তমানে ব্রাজিলের ঐতিহ্যবাহী ক্লাব করিন্থিয়ান্সের সঙ্গে কাজ করছেন।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবিতে দেখা যায়, শাহনুর রুমেনের কাছ থেকে হাসিমুখে জার্সিটি গ্রহণ করছেন নেইমার। ছবিটি প্রকাশের পর বাংলাদেশি সমর্থকদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা যায়। অনেকেই এটিকে দুই দেশের ফুটবল সংস্কৃতির এক ইতিবাচক সংযোগ হিসেবে দেখছেন।
শাহনুর রুমেন দীর্ঘদিন ধরে ব্রাজিলে থেকে বিভিন্ন ফুটবল প্রতিযোগিতা কভার করছেন। ক্যাম্পেওনাতো ব্রাজিলেইরো সিরি ‘আ’সহ নানা টুর্নামেন্টে কাজের অভিজ্ঞতা থাকায় তিনি এই বিশেষ সুযোগটি পান।
এদিকে, ইনজুরির কারণে দীর্ঘদিন মাঠের বাইরে থাকার পর নেইমার আবারও নিজের ছন্দে ফেরার চেষ্টা করছেন। ক্লাব ফুটবলে তার ভবিষ্যৎ নিয়েও আলোচনা চলছে। শোনা যাচ্ছে, তিনি সান্তোস ছেড়ে যুক্তরাষ্ট্রের কোনো ক্লাবে যোগ দিতে পারেন।
একই সঙ্গে ব্রাজিল জাতীয় দলে তার অবস্থান নিয়েও অনিশ্চয়তা রয়েছে, বিশেষ করে আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে। তবে এসব অনিশ্চয়তার মধ্যেও ভক্তদের ভালোবাসায় কোনো ঘাটতি নেই তার। বাংলাদেশের জার্সি হাতে নেওয়ার ঘটনাটি সেই জনপ্রিয়তারই আরেকটি উদাহরণ হিসেবে দেখা হচ্ছে।


























