নিলামে ইতিহাস গড়ল ডন ব্র্যাডম্যানের ক্যাপ, বিক্রি হলো সাড়ে ৫ কোটি টাকায়
অস্ট্রেলিয়ার ক্রিকেট ইতিহাসের অন্যতম কিংবদন্তি ডন ব্র্যাডম্যানের ব্যবহৃত একটি ক্যাপ নিলামে বিক্রি হয়েছে রেকর্ড দামে। ক্যাপটির মূল্য উঠেছে ৪ লাখ ৬০ হাজার মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫ কোটি ৬০ লাখ টাকার সমান।
এটি ব্র্যাডম্যানের কোনো ক্যাপের জন্য এখন পর্যন্ত সর্বোচ্চ মূল্য হিসেবে বিবেচিত হচ্ছে। ১৯৪৭-৪৮ মৌসুমে ভারতের বিপক্ষে সিরিজ চলাকালে তিনি এই ক্যাপটি পরেছিলেন। সিরিজ শেষে ক্যাপটি উপহার হিসেবে দেন ভারতীয় ক্রিকেটার শ্রীরাঙ্গা ওয়াসুদেব সোহোনিকে।
যদিও সোহোনি আর বেঁচে নেই, তবে তার পরিবার দীর্ঘ ৭৫ বছর ধরে ক্যাপটি অত্যন্ত যত্ন ও গোপনীয়তার সঙ্গে সংরক্ষণ করে রেখেছিল। অস্ট্রেলিয়ার স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, নিলামে ক্যাপটি কিনে নেওয়া ব্যক্তি নিজের পরিচয় প্রকাশ করতে চাননি। তবে ক্যাপটি ভবিষ্যতে অস্ট্রেলিয়ার একটি জাদুঘরে প্রদর্শনের জন্য রাখা হবে।

























