সাফ অনূর্ধ্ব-১৯ নারী আসরে গোলবন্যায় শুরু বাংলাদেশের, ভূটানকে উড়িয়ে দিলো ১২-০ ব্যবধানে
সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচেই দারুণ শক্তির জানান দিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। বর্তমান চ্যাম্পিয়নরা উদ্বোধনী ম্যাচে ভূটানকে ১২-০ গোলের বিশাল ব্যবধানে পরাজিত করে টুর্নামেন্টে উড়ন্ত সূচনা করেছে।
শনিবার (৩১ জানুয়ারি) নেপালের পোখরা রঙ্গশালায় অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে বাংলাদেশের মেয়েরা। যদিও প্রথম গোল পেতে অপেক্ষা করতে হয় ২৮ মিনিট পর্যন্ত। ম্যাচের সূচনা গোলটি করেন মামনি চাকমা। এরপর একের পর এক গোল করে স্কোরলাইন বড় করে বাংলাদেশ।
প্রথমার্ধে ৪টি গোল করে লিড নেয় লাল-সবুজের প্রতিনিধিরা। বিরতির পর আক্রমণের গতি আরও বাড়িয়ে দ্বিতীয়ার্ধে আরও ৮টি গোল যোগ করে পাঁচবারের চ্যাম্পিয়ন দলটি।
ম্যাচে সর্বোচ্চ চারটি গোল করেন মুঙ্কি আক্তার। তৃষ্ণা রানী সরকার ও আলপি আক্তার হ্যাটট্রিক পূর্ণ করে তিনটি করে গোল করেন। এছাড়া অধিনায়ক অর্পিতা বিশ্বাস ও মামনি চাকমা একটি করে গোল করেন। দুর্দান্ত পারফরম্যান্সের জন্য ম্যাচসেরার পুরস্কার জিতে নেন তৃষ্ণা রানী সরকার।
টুর্নামেন্ট শুরুর আগে পর্যাপ্ত অনুশীলনের সুযোগ না পেলেও প্রথম ম্যাচেই নিজেদের সামর্থ্য ও প্রস্তুতির প্রমাণ দিয়েছেন কোচ পিটার জেমস বাটলারের শিষ্যরা।

























