আজ থেকে শুরু টি-টোয়েন্টি বিশ্বকাপের লড়াই
আজ থেকেই শুরু হচ্ছে টি-টোয়েন্টি ক্রিকেটের বিশ্বমঞ্চের আসর। ২০ দল নিয়ে আয়োজিত এবারের বিশ্বকাপের প্রথম দিনেই অনুষ্ঠিত হবে তিনটি ম্যাচ। শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় কলম্বোর শিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে পাকিস্তান ও নেদারল্যান্ডসের ম্যাচের মাধ্যমে টুর্নামেন্টের উদ্বোধন হবে।
দিনের দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে কলকাতায়। বিকাল সাড়ে ৩টায় ইডেন গার্ডেন্সে মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ ও স্কটল্যান্ড। আর দিনের শেষ ম্যাচে সন্ধ্যা সাড়ে ৭টায় মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে স্বাগতিক ভারতের বিপক্ষে খেলবে যুক্তরাষ্ট্র।
উদ্বোধনী ম্যাচে পাকিস্তানকে স্পষ্টভাবে এগিয়ে রাখা হচ্ছে। নেদারল্যান্ডসের বিপক্ষে শক্তিশালী স্কোয়াড নিয়ে মাঠে নামবে তারা। অস্ট্রেলিয়ার বিপক্ষে হোয়াইটওয়াশের আত্মবিশ্বাস নিয়ে শ্রীলঙ্কায় পৌঁছানো সালমান আলী আগার দল ডাচদের বিপক্ষে জয় পাওয়ার ব্যাপারে আশাবাদী।
সূচি অনুযায়ী দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের মাঠে নামার কথা থাকলেও পরিবর্তিত ব্যবস্থায় সেই ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে খেলবে ওয়েস্ট ইন্ডিজ। ইডেন গার্ডেন্সে অনুষ্ঠিত এই লড়াইয়ে ক্যারিবিয়ানদের সহজ জয় প্রত্যাশিত।
দিনের শেষ ম্যাচে দর্শকদের দৃষ্টি থাকবে স্বাগতিক ভারতের দিকে। যুক্তরাষ্ট্রের বিপক্ষে এই ম্যাচে ভারতকেই ফেভারিট হিসেবে ধরা হচ্ছে।
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবারের মতো অংশ নিচ্ছে ২০টি দল। ভারত ও শ্রীলঙ্কার মোট ৮টি ভেন্যুতে আয়োজন করা হবে ৫৫টি ম্যাচ। এর মধ্যে ভারতের ৫টি এবং শ্রীলঙ্কার ৩টি মাঠে হবে খেলা।
এবারের আসরে প্রাইজমানিও আগের সব রেকর্ড ছাড়াতে যাচ্ছে। আনুষ্ঠানিক ঘোষণা না এলেও ভারতীয় গণমাধ্যমের খবরে জানা গেছে, মোট পুরস্কারের পরিমাণ হতে পারে প্রায় ১৩ দশমিক ৫ মিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৬০ কোটি টাকার সমান। এটি আগের আসরের তুলনায় প্রায় ২০ শতাংশ বেশি। চ্যাম্পিয়ন দল ট্রফির সঙ্গে পেতে পারে আনুমানিক ৩৬ কোটি টাকা এবং রানার্স-আপ দল পাবে প্রায় ১৯ কোটি টাকা।
























