জিম্বাবুয়েকে হারিয়ে টানা জয়ে সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকা
চলমান বিশ্বকাপে দুর্দান্ত ধারাবাহিকতা বজায় রেখেছে দক্ষিণ আফ্রিকা। গ্রুপ পর্বের পর সুপার এইটেও তিন ম্যাচের তিনটিতেই জয় তুলে নিয়ে এখন পর্যন্ত একমাত্র অপরাজিত দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করেছে প্রোটিয়ারা। সুপার এইটে নিজেদের শেষ ম্যাচে রোববার জিম্বাবুয়েকে ৫ উইকেটে হারিয়েছে এইডেন মারক্রামের দল।
দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাট করতে নামে জিম্বাবুয়ে। শুরুতেই বিপর্যয়ে পড়ে দলটি। অধিনায়ক সিকান্দার রাজা ছাড়া অন্য কেউ বড় ইনিংস খেলতে পারেননি। ৪৩ বলে ৭৩ রানের দায়িত্বশীল ইনিংস খেলেন রাজা। শেষদিকে ক্লিভ মাদান্দে ২০ বলে অপরাজিত ২৬ রান যোগ করলে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৫৩ রান সংগ্রহ করে জিম্বাবুয়ে।
জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় দক্ষিণ আফ্রিকা। মাত্র ১৪ রানের মধ্যে দুই ওপেনার কুইন্টন ডি কক ও এইডেন মারক্রাম ফিরে যান। এরপর রায়ান রিকেলটন ও ডেওয়াল্ড ব্রেভিস আক্রমণাত্মক ব্যাটিং করে দলকে ম্যাচে ফেরান। ব্রেভিস ১৮ বলে ৪২ রান করে ঝড়ো ইনিংস খেলেন, রিকেলটন করেন ৩১ রান।
মাঝের ওভারে ডেভিড মিলার দ্রুত আউট হলেও শেষদিকে ত্রিস্টান স্টাবস ও জর্জ লিন্ডে দায়িত্বশীল ব্যাটিংয়ে জয় নিশ্চিত করেন। ১৩ বল হাতে রেখেই ৫ উইকেটের জয় পায় দক্ষিণ আফ্রিকা। লিন্ডে ২১ বলে ৩০ ও স্টাবস ২৪ বলে অপরাজিত ২১ রান করেন।
দক্ষিণ আফ্রিকার বোলারদের মধ্যে করবিন বশ ও কোয়েনা মাফাকা দুটি করে উইকেট নেন। জিম্বাবুয়ের পক্ষে সিকান্দার রাজা বল হাতেও তিনটি উইকেট শিকার করেন।















