যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলায় নিহত আইআরজিসির মুখপাত্র নাইনি
মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি)-এর মুখপাত্র জেনারেল আলী মোহাম্মদ নাইনি নিহত হয়েছেন। শুক্রবার (২০ মার্চ) আইআরজিসি আনুষ্ঠানিকভাবে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সির বরাতে জানা যায়, শুক্রবার ভোরে চালানো ক্ষেপণাস্ত্র হামলায় নাইনি প্রাণ হারান। আইআরজিসির এক বিবৃতিতে এই হামলাকে ‘সন্ত্রাসী ও কাপুরুষোচিত’ আখ্যা দিয়ে বলা হয়েছে, এতে তাদের মুখপাত্র শহীদ হয়েছেন।
২০২৪ সাল থেকে আইআরজিসির মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছিলেন নাইনি। তবে এই হামলার বিষয়ে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।
নিহত হওয়ার কয়েক ঘণ্টা আগেই যুক্তরাষ্ট্রকে প্রকাশ্যে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন নাইনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘ইরানের নৌবাহিনী ধ্বংস হয়ে গেছে’—এমন বক্তব্যের জবাবে তিনি বলেন, সাহস থাকলে যুক্তরাষ্ট্রকে উপসাগরে যুদ্ধজাহাজ পাঠাতে হবে। একই সঙ্গে তিনি দাবি করেন, চলমান হামলার মধ্যেও ইরান ক্ষেপণাস্ত্র উৎপাদন অব্যাহত রেখেছে।
এর আগে সাম্প্রতিক সংঘাতে ইরানের আরও কয়েকজন শীর্ষ কর্মকর্তা নিহত হয়েছেন। বুধবার ইরানের গোয়েন্দা বিষয়ক মন্ত্রী ইসমাইল খতিব নিহত হন। এর আগের দিন পৃথক হামলায় আইআরজিসির অধীন বাসিজ বাহিনীর কমান্ডার গোলামরেজা সোলাইমানি এবং নিরাপত্তা পরিষদের প্রধান আলী লারিজানিও প্রাণ হারান।
এই ধারাবাহিক হামলার ঘটনায় মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে এবং আঞ্চলিক উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে।
























