‘ধুরন্ধর ২’র দাপটে পিছিয়েছে ‘ভূত বাংলা’র মুক্তি
অক্ষয় কুমার অভিনীত হরর-কমেডি সিনেমা ‘ভূত বাংলা’র মুক্তির সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। আগে এটি ১০ এপ্রিল মুক্তির কথা থাকলেও নতুন সিদ্ধান্ত অনুযায়ী এক সপ্তাহ পিছিয়ে ১৭ এপ্রিল প্রেক্ষাগৃহে আসবে সিনেমাটি।
ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, বর্তমানে ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ বিশ্বব্যাপী বক্স অফিসে ভালো ব্যবসা করছে। এই পরিস্থিতিতে একই সময়ে আরেকটি বড় সিনেমা মুক্তি পেলে আয় কমে যাওয়ার আশঙ্কা থাকায় মুক্তির তারিখ পরিবর্তনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
সিনেমাটির প্রযোজক একতা কাপুর জানান, ডিস্ট্রিবিউটর ও এক্সিবিটরদের পরামর্শেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে দুটি সিনেমাই আলাদাভাবে দর্শকের মনোযোগ পায় এবং পর্যাপ্ত স্ক্রিন স্পেস নিশ্চিত করা যায়।
‘ভূত বাংলা’ একটি রহস্যঘেরা পুরনো প্রাসাদকে কেন্দ্র করে নির্মিত, যেখানে একের পর এক অদ্ভুত ভৌতিক ঘটনা ঘটতে থাকে। ভয়ের সঙ্গে হাস্যরসের মিশেলে গল্পটি এগিয়েছে।
এ সিনেমায় অক্ষয় কুমারের পাশাপাশি অভিনয় করেছেন ওয়ামিকা গাব্বি। আরও রয়েছেন পরেশ রাওয়াল, টাবু, মিথিলা পালকর, রাজপাল যাদব ও যিশু সেনগুপ্তসহ অনেকে।
প্রিয় দর্শন পরিচালিত এই ছবির প্রযোজনায় রয়েছেন শোভা কাপুর, একতা কাপুর ও অক্ষয় কুমার। এরই মধ্যে সিনেমাটির টিজার ও ‘তু হি দিশা’ গান প্রকাশ পেয়ে দর্শকদের মাঝে সাড়া ফেলেছে।

















