চীন সফরে তাইওয়ানের বিরোধী নেত্রী, শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে একত্রীকরণে জোর
শান্তিপূর্ণ সমাধানের লক্ষ্য নিয়ে চীন সফর করেছেন তাইওয়ানের বিরোধী দলীয় নেত্রী চেং লি-উন এবং এ সময় তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করেছেন। আলোচনায় উভয় পক্ষই চীন-তাইওয়ানের সম্পর্ক উন্নয়ন ও সম্ভাব্য একত্রীকরণের বিষয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করেন।
বৈঠক শেষে দেওয়া এক বিবৃতিতে শি জিনপিং বলেন, চীন ও তাইওয়ানের জনগণের ঐক্য অবশ্যম্ভাবী এবং তা একসময় বাস্তবে পরিণত হবে।
অন্যদিকে, চেং লি-উন তার বক্তব্যে বলেন, দুই পক্ষের মধ্যে রাজনৈতিক মতপার্থক্য ও শত্রুতামূলক অবস্থান থেকে সরে এসে সংলাপের মাধ্যমে সমস্যা সমাধানের পথ খুঁজে বের করা জরুরি। তিনি জোর দিয়ে বলেন, শান্তিপূর্ণ উপায়ে সমাধানই হওয়া উচিত প্রধান লক্ষ্য।
সংবাদ সম্মেলনে তিনি আরও উল্লেখ করেন, তাইওয়ানের স্বাধীনতার বিরোধিতা করলে সংঘাতের ঝুঁকি কমানো সম্ভব। এর আগে শি জিনপিংয়ের সঙ্গে আলোচনায় তিনি তাইওয়ান প্রণালীকে আর সম্ভাব্য সংঘাতের কেন্দ্র হিসেবে না দেখার আহ্বান জানান।
উল্লেখযোগ্য যে, প্রায় এক দশক পর প্রথমবারের মতো তাইওয়ানের বিরোধী দল কুয়োমিনতাং (কেএমটি)-এর কোনো শীর্ষ নেতা হিসেবে চেং চীন সফর করেছেন।
প্রসঙ্গত, চীন বরাবরই তাইওয়ানকে নিজেদের অংশ হিসেবে দাবি করে আসছে। অন্যদিকে, তাইওয়ানের বিরোধী দল সম্প্রতি পার্লামেন্টে প্রায় ৪০ বিলিয়ন ডলারের অতিরিক্ত প্রতিরক্ষা ব্যয়ের একটি সরকারি প্রস্তাব আটকে দিয়েছে।

























