রাষ্ট্রীয় মর্যাদায় আজ সম্পন্ন হবে সুরসম্রাজ্ঞী আশা ভোঁসলের শেষকৃত্য
ভারতীয় সংগীতের কিংবদন্তি শিল্পী আশা ভোঁসলে রোববার মুম্বাইয়ে ৯২ বছর বয়সে মারা গেছেন। তার শেষকৃত্য আজ সোমবার (১৩ এপ্রিল) রাষ্ট্রীয় মর্যাদায় অনুষ্ঠিত হবে।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, বিকেল ৪টায় মুম্বাইয়ের শিবাজি পার্কে শেষকৃত্য সম্পন্ন হবে। একই স্থানে এর আগে তার বড় বোন লতা মঙ্গেশকরের দাফন অনুষ্ঠানও হয়েছিল। অনুষ্ঠানে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিস উপস্থিত থাকার কথা রয়েছে।
গতকাল সন্ধ্যায় তার মরদেহ লোয়ার পারেলের বাসভবনে নেওয়া হয়। আজ সকাল থেকে ভক্তদের শ্রদ্ধা জানানোর জন্য মরদেহ সেখানে রাখা হয়েছে। সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত শেষদর্শনের ব্যবস্থা করা হয়েছে বলে পরিবার জানিয়েছে।
আশা ভোঁসলের দীর্ঘ সংগীতজীবন সাত দশকেরও বেশি সময়জুড়ে বিস্তৃত। তিনি ১২ হাজারের বেশি গান গেয়েছেন এবং হিন্দিসহ ২০টিরও বেশি ভাষায় কণ্ঠ দিয়েছেন। গজল, শাস্ত্রীয় ও আধুনিক—সব ধরনের সংগীতেই তার দক্ষতা ছিল সমান।
তার অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি দাদাসাহেব ফালকে পুরস্কার, পদ্মবিভূষণ এবং একাধিক জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। তার কণ্ঠে অসংখ্য গান আজও শ্রোতাদের হৃদয়ে জায়গা করে আছে।
তার মৃত্যুতে বলিউড ও দক্ষিণ ভারতের বহু তারকা শোক প্রকাশ করেছেন। শাহরুখ খান, কাজল, শ্রেয়া ঘোষাল, কারিনা কাপুর খানসহ অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে তার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। অভিনেতা মনোজ বাজপেয়ী বলেন, আশার গান শুনেই তিনি বড় হয়েছেন। অন্যদিকে রামচরণ তার প্রয়াণকে ভারতীয় সংগীতের জন্য অপূরণীয় ক্ষতি বলে উল্লেখ করেছেন।
























