কাউন্সিলের পর অবসরের ইঙ্গিত, মহাসচিব পদে পরিবর্তনের কথা জানালেন মির্জা ফখরুল
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চলতি বছরের মধ্যেই নতুন কাউন্সিল আয়োজনের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি ইঙ্গিত দেন, এই কাউন্সিলের পর মহাসচিব পদে পরিবর্তন আসতে পারে এবং তিনি নিজেও রাজনীতি থেকে সরে দাঁড়াতে চান।
তিনি বলেন, এখনো নির্দিষ্ট তারিখ নির্ধারণ না হলেও এ বছরেই কাউন্সিল করার পরিকল্পনা রয়েছে। এর আগে তৃণমূল পর্যায়ের সম্মেলন শেষ করা হবে বলেও জানান তিনি।
প্রায় এক দশক আগে বিএনপির সর্বশেষ কাউন্সিল অনুষ্ঠিত হয়েছিল। দীর্ঘদিন ধরে রাজনৈতিক কর্মসূচি ও আন্দোলনে ব্যস্ত থাকার কারণে নতুন কাউন্সিল আয়োজন করা সম্ভব হয়নি বলে দলের নেতারা জানিয়েছেন। তবে সাম্প্রতিক নির্বাচনের পর বিষয়টি নতুন করে গুরুত্ব পেয়েছে এবং স্থায়ী কমিটির বৈঠকেও আলোচনা হয়েছে।
মির্জা ফখরুল জানান, আসন্ন কাউন্সিলে মহাসচিব পদে নতুন নেতৃত্ব আসতে পারে। তিনি নিজে দীর্ঘদিন দায়িত্ব পালনের পর ক্লান্তি ও শারীরিক সমস্যার কথা উল্লেখ করে অবসরের ইচ্ছা প্রকাশ করেন।
রাষ্ট্রপতি হওয়ার কোনো আগ্রহ আছে কি না জানতে চাইলে তিনি বলেন, এ ধরনের আকাঙ্ক্ষা তার কখনো ছিল না এবং তিনি নিজেকে ভাগ্যের হাত ধরেই বর্তমান অবস্থানে এসেছেন বলে মনে করেন।
২০১৬ সালের ৩০ মার্চ থেকে তিনি বিএনপির মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে ২০১১ সাল থেকে পাঁচ বছর ভারপ্রাপ্ত মহাসচিব ছিলেন। রাজনৈতিক জীবনের শুরুতে তিনি ১৯৮৬ সালে সরকারি চাকরি ছেড়ে রাজনীতিতে আসেন এবং পরে ঠাকুরগাঁও পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন। নব্বইয়ের দশকের শুরুতে এরশাদবিরোধী আন্দোলনের সময় বিএনপিতে যোগ দেন এবং ১৯৯২ সালে ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতির দায়িত্ব পান।


























