হরমুজ প্রণালি সচল রাখতে সর্বোচ্চ উদ্যোগের আশ্বাস স্টারমারের
ইরানকে ঘিরে চলমান সংঘাতের প্রভাব কমিয়ে হরমুজ প্রণালি পুনরায় চালু রাখতে সর্বাত্মক চেষ্টা চালানোর কথা জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। বিবিসির খবরে এ তথ্য উঠে এসেছে।
শুক্রবার (১৭ এপ্রিল) প্যারিসের এলিসি প্রাসাদে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরনের সঙ্গে বৈঠকের আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
স্টারমার বলেন, ইরান পরিস্থিতির প্রভাব বিশ্ব অর্থনীতিতে পড়ছে, তাই এটি সবার জন্যই গুরুত্বপূর্ণ বিষয়। এ কারণেই বিভিন্ন দেশ একত্রিত হয়ে সমাধানের পথ খুঁজছে।
তিনি আরও জানান, স্থায়ী যুদ্ধবিরতি ও সমঝোতার মাধ্যমে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক রাখা জরুরি। এ লক্ষ্যে আন্তর্জাতিকভাবে সমন্বিত উদ্যোগ গ্রহণ প্রয়োজন।
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর মতে, বিষয়টি বাস্তবায়নে কূটনৈতিক ও রাজনৈতিক প্রচেষ্টার পাশাপাশি অর্থনৈতিক সমন্বয় এবং প্রয়োজনীয় সামরিক পরিকল্পনাও থাকতে হবে।
উল্লেখ্য, একই দিন বিকেলে স্টারমার ও ম্যাকরনের যৌথ সভাপতিত্বে প্রায় ৪০টি দেশের অংশগ্রহণে একটি ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই বৈঠকের মূল লক্ষ্য হলো হরমুজ প্রণালিতে নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করতে একটি বহুপাক্ষিক উদ্যোগ গড়ে তোলা।

























