স্বাধীনতা দিবসে বঙ্গভবনে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি ছিল বঙ্গভবনে তাদের প্রথম আনুষ্ঠানিক সাক্ষাৎ। সন্ধ্যা প্রায় সোয়া ৬টার দিকে বঙ্গভবনে পৌঁছালে রাষ্ট্রপতি ও তার সহধর্মিনী ড. রেবেকা সুলতানা ফুল দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তার মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানকে অভ্যর্থনা জানান।
সাক্ষাতে তারা পরস্পরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং স্বাধীনতা দিবসকে ঘিরে আয়োজিত বিভিন্ন কর্মসূচি নিয়ে আলোচনা করেন। দিবসটি উপলক্ষে গৃহীত কর্মসূচিগুলো সফলভাবে সম্পন্ন হওয়ায় উভয়েই সন্তোষ প্রকাশ করেন।
এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান তার কৈশোরে বঙ্গভবনে আসার স্মৃতিচারণও করেন।
সাক্ষাৎকালে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালসহ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
























